সিরাজগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, আটক ২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে অপহৃত এক শিশুকে বগুড়ার শেরপুরে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সন্দেহে নারীসহ দুই জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সীমাবাড়ির একটি হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম।
উদ্ধার তানভীর হাসান (৫) রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার আব্দুল মানিক তালুকদারের ছেলে।
এ ঘটনায় আটক মনি আক্তার (২১) একই এলাকার মৃত হযরত আলীর মেয়ে ও আমিনুল ইসলাম আতিক (২২) বগুড়ার শেরপুর উপজেলার ক্ষিদির হাসরা গ্রামের আব্দুল মান্নান খন্দকারের ছেলে।
পরিদর্শক শহিদুল বলেন, বুধবার সকালে তানভীরের মা মোহনা খাতুন তাকে নিয়ে রায়গঞ্জ টেকনিক্যাল বিএম কলেজে প্রাইভেট পড়তে যান। তিনি কক্ষের ভেতরে পড়ার সময় তানভীর বারান্দায় খেলা করছিল।
“সেখান থেকে অপহরণকারীরা শিশুটিকে নিয়ে বগুড়ার শেরপুরের সীমাবাড়ি এলাকার একটি হাইওয়ে হোটেলে রেখে স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”
তিনি বলেন, এরপর শিশুটির স্বজনরা থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।
“অপহরণকারীরা শিশুটির স্বজনদের জানান তারা ওই হোটেলে মুক্তিপণের টাকার জন্য অপেক্ষা করবেন।”
এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার হোটেলটিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক শহিদুল আরও বলেন, অপহরণকারীদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করা হয়।
“জ্যেষ্ঠ বিচারিক হাকিম মল্লিকা বসাক রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।”
