২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ হলো গাজীপুরে

গাজীপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন বিষয়ক ১২ দিনের প্রশিক্ষণ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2018, 10:43 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

বুধবার সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারে পঞ্চম ব্যাচের এই প্রশিক্ষণ শেষ হয়।

দেশের বিভিন্ন বন ও বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ওই প্রশিক্ষণে অংশ নেন।

বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেন বলেন, এতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, সুন্দরবন, কুমিল্লা, সিলেট ও খাগড়াছড়ি বনবিভাগের ২৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এ প্রশিক্ষণে অংশ নিয়ে বন ও বন্যপ্রাণী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন বলে জানান সাফারি পার্কের অ্যানিমেল কিপার রফিকুল ইসলাম।

কর্মক্ষেত্রে এ প্রশিক্ষণ অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, “বিশেষ করে বন ও বন্যপ্রাণী আইন, ফরেনসিক ল্যাব, বন্যপ্রাণী অপরাধ দমন, বিলুপ্ত ও  বিলুপ্তপ্রায় প্রাণী এবং মহাবিপন্ন উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানতে পেরেছি।”

শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টার প্রকল্পের পরিচালক মিহির কুমার দো বলেন, বন্যপ্রাণী বিষয়ক এটি দেশের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র।

জানা যায়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০১৭-১৮ অর্থবছর থেকে এখানে ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন।  

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান প্রকল্প পরিচালক মিহির।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্প পরিচালক মিহির কুমার দো, প্রশিক্ষণ সমন্বয়ক তপন কুমার দে, ইকোলজিস্ট আজিজার রহমান, সরীসৃপবিদ সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।