পরীক্ষামূলক ট্রেন চলল গোপালগঞ্জে
গোপালগঞ্জে ৪৪ কিলোমিটার নতুন রেলপথে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে।
আগামী মাসেই এটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা নতুন এ রেললাইন দিয়ে ট্রেনে চড়ে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছান বুধবার বেলা ১টার দিকে।
এ সময় তারা বিভিন্ন স্থানে থেমে রেললাইনটি ট্রেন চলাচলের জন্য উপযোগী কিনা তা পরীক্ষা করেন।
বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক খন্দকার শহীদুল ইসলাম বলেন, “রেললাইনটি ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। আগামী মাসের যেকোনো সময় এটি সবার চলাচলের জন্য উদ্বোধন করা হবে।”
এক হাজার ২৫৮ কোটি টাকায় ম্যাক্স ও তমা গ্রুপ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান রেললাইনটি নির্মাণ করে বলে জানান পরিদর্শক শহীদুল।
তিনি বলেন, এর কাজ শুরু হয় ২০১৫ সালের নভেম্বর। আর শেষ হয়েছে চলতি বছরের জুনে। আজ সম্পন্ন হল ট্রায়াল।
গোপালগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, রেলপথটি জেলার আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে অবদান রাখবে।
“জলাভূমি বেষ্টিত গোপালগঞ্জে রেললাইন স্থাপিত হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত। এখন আমরা অল্প খরচে ও নিরাপদে ট্রেনে বিভিন্ন জেলা ভ্রমণ করতে পারব। এই রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।”
