বঙ্গবন্ধু সাফারি পার্কে আরেক জলহস্তীর জন্ম
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি জলহস্তী শাবকের জন্ম হয়েছে।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, গত বুধবার জলহস্তী বেষ্টনীর ভেতরেই শাবকটির জন্ম হয়। এ নিয়ে পার্কে জলহস্তীর সংখ্যা হলো চার।
তিনি বলেন, বেশিরভাগ সময়ই শাবকটি পানির নিচে থাকে। মাঝে মাঝে ভেসে উঠলেও আবার পানির নিচে উধাও হয়ে যায়। দর্শনার্থীরা যাতে বিরক্ত না করতে পারে সেজন্য তাদের আলাদা করে রাখা হয়েছে।
জলহস্তী জন্মের পর নিরাপত্তাজনিত কারণে দিনভর পানিতে থেকেই মায়ের সাথে সাঁতার কেটে বেড়ায় জানিয়ে আনিসুর বলেন, শাবকটি রাতের অন্ধকারে পানি থেকে উপরে ওঠে। তাই পার্ক কর্তৃপক্ষও এখনও বাচ্চাটিকে দেখেননি। তবে পর্যবেক্ষণ অনুযায়ী বাচ্চা সুস্থ ও স্বাভাবিক আছে।
বাচ্চার খাবারের কথা বিবেচনা করে মা জলহস্তীকে গাঁজর, মিষ্টি কুমড়া, ভুট্টা ও কচি ঘাস খেতে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জলহস্তী ছয় মাস পর্যন্ত শুধুই মায়ের দুধ পান করে জানিয়ে তিনি বলেন, ছয় মাস পর মায়ের দুধের সঙ্গে ধীরে ধীরে ঘাস, লতা-পাতা ও দানাদার খাবারে অভ্যস্ত করা হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “পানিতে ভিজে থাকা অবস্থায় তাদের শরীর চকচকে দেখায়। এরা দেখতে নিরীহ মনে হলেও এ প্রাণীটির রাগ প্রকাশের ধরনটা একেবারে অন্য রকম।
“রাগলে তাদের শরীর ক্রমাগত ঘামতে থাকে। আর সেই ঘামের রঙ হলো লাল। দেখলে মনে হবে শরীর দিয়ে যেন রক্ত ঝরছে।”
২০১৫ সালে দক্ষিণ অফ্রিকা থেকে সাফারি পার্কে একটি মাদী ও একটি পুরুষ জলহস্তী আনা হয়। ২০১৭ সালে ওই দম্পতির ঘরে একটি জলহস্তী শাবকের জন্ম হয় বলে জানান এই কর্মকর্তা।
