২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘যথাসময়ে’ বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ীতে ‘যথাসময়ে’ বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 05:56 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এন টি কে সি নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ধরে এই বিক্ষোভ দেখান। এ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, “গত এক বছর ধরে কারখানা কর্তৃপক্ষ যথাসময়ে বেতন পরিশোধ করে না। এখন প্রায় প্রতি মাসের বেতন আন্দোলন করেই নিতে হয়।

“সময়মত বেতন পরিশোধ না করলে বাসা ভাড়া, দোকানে বাকিসহ আমাদের চলতে নানা সমস্যা হয়। বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। পরে পুলিশ এসে বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করি।”