২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আসামি ধরা নিয়ে পুলিশের লুকোচুরি

সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খুনের প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়ে গাজীপুরে পুলিশ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 12:12 AM

Updated : 19 Aug 2022, 02:35 PM

গত ৮ সেপ্টম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান মোশারফ নিজের এলাকায় খুন হন।

গাজীপুর জেলার মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুল ইসলাম বলেন, “ওই খুনের মামলায় ১ নম্বর অসামি আব্দুল জলিল গাইন পালিয়ে এসে গাজীপুরের রাখালিয়াচালায় আত্মগোপন করেছিলেন।

“শুক্রবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে আমি তাকে সেখান থেকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসি। এরপর আসামি কোথায় আছে জানি না। এ ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম সব জানেন। তাকে জিজ্ঞাসা করেন।”

তবে ইনচার্জ এসআই মো. সাইফুল আলম বলেন, “কালিয়াকৈর থানায় খবর নেন। এ ব্যাপারে থানায় সব তথ্য আছে।”

আর কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলছেন, “রাত ৯টা পর্যন্ত ওই নামের কোনো আসামি কালিয়াকৈর থানায় পাঠানো হয়নি।”

শেখ রাসেল শিশু-কিশোর সংসদের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি তালহা ইবনে অলির বাড়ি রাখালিয়াচালা গ্রামে।

তালহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে রাখালিয়া চালা এলাকায় জলিল মোবাইল ফোনে কথা বলার সময় একপর্যায়ে বলছিলেন, ‘আমি হাইকোর্ট থেকে জামিন হয়ে নেই। তারপর ওদের দেখাব। চেয়ারম্যানকে খুন করেছি। ওদেরও দেখব। এ সময় পথচারী ইমন ও ওমর নামে আমার এলাকার দুই ছোট ভাই জলিলের ওই কথা শোনার পর সন্দেহ হলে তাকে আটক করে। পরে জলিল তাদের এক লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ারও প্রস্তাব দেন। কিন্তু তারা তাতে রাজি না হয়ে পুলিশে খবর দেয়।”

ওমর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পত্রিকায় ছবিসহ খবর দেখেছি গত ৮ সেপ্টেম্বর চেয়ারম্যান মোশারফ খুন হন। জলিল গাইনের ছবিসহ খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়। তাকে চিনতে পেরে স্থানীয় মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে রাখালিয়াচালা মাস্টার মার্কেট থেকে আটক করে নিয়ে গেছে।” 

এ বিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান বলেন, “রাত ৮টা পর্যন্ত গ্রেপ্তারের খবর পাইনি। তবে এর আগেও একাধিকবার তিনি গ্রেপ্তার হয়েছেন বলে খবর রটেছিল।”

আব্দুল জলিল গাইন সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য এবং শঙ্করপুর গ্রামের হাবিবুল্লাহ গাইনের ছেলে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. হাসান হাফিজুর রহমান।