গাজীপুরে নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার ২
গাজীপুর নগরীতে নকল সিগারেট প্রস্তুতকারী চক্রের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মেট্রো (পূর্ব) সিআইডি ডেমরা ইউনিটের জ্যেষ্ঠ এএসপি ইকবাল হোসেন জানান।
গ্রেপ্তার মোর্শেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বলদি গ্রামের মকবুল হোসেনের ছেলে ও মনির হোসেন (৪৫) চাঁদপুরের মতলব উপজেলার দক্ষিণ গাজীপুরের আইয়ুব আলীর ছেলে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কানিজ হোসেন জাহান বলেন, সিআইডি ঢাকা মেট্রো পূর্ব এসপি কানিজ ফাতেমার তত্ববধানে এই অভিযান পরিচালিত হয়।
“এ সময় জয়দেবপুর রোডের পাশে চান্দনা চৌরাস্তা এলাকার গোডাউনে তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্রান্ডের ৫০০ কার্টন নকল সিগারেট জব্দ করা হয়।”
এর বাজার মূল্য আনুমানিক চার লাখ ২০ হাজার টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে সিগারেট নকল করে বিভিন্ন ব্রান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করে ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিল।
তাদের বিরুদ্ধে মামলা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান কানিজ হোসেন।
