গাজীপুর বিএনপির সভাপতিসহ ৪৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গাজীপুর বিএনপির সভাপতিসহ ৪৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, জয়দেবপুর থানার এসআই মো. বাছেদ মিয়া বিশেষ ক্ষমতা আইনে মঙ্গলবার মামলাটি দায়ের করেন।
মামলার নথির বরাতে ওসি আমিনুল বলেন, সোমবার জেলা শহরের রাজবাড়ির সড়কের পাশে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড় হয়ে তারা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
মামলার আসামি হান্নান মিয়া হান্নুসহ নয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, মামলায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন, গাজীপুর সিটির ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ২৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়াসহ ১৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
