নিরাপদ সড়কের জন্য সিরাজগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট
নিরাপদ সড়কের জন্য সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের সব শিক্ষার্থীর হাতে লিফলেট তুলে দিচ্ছে জেলা প্রশাসন।
জেলা শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেন, এই লিফলেটে পথচারী, যাত্রী, চালক, মালিকের দায়িত্ব ও করণীয় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে এই লিফলেট পৌঁছানো হবে বলে তিনি জানান।
জেলা প্রশাসক বলেন, “এজন্য ইতোমধ্যেই সাত লাখের বেশি লিফলেট ছাপানো হয়েছে। জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আমি নিজে লিফলেট বিতরণ করব। সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবেন।”
“আশা করছি এটি বাস্তবায়িত হলে নিরাপদ সড়ক বিষয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত সবাই আরও বেশি সচেতন হবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক-মহাসড়ক গড়ে তোলা সম্ভব হবে।”
