গাজীপুর হবে পরিকল্পিত নগরী: জাহাঙ্গীর
গাজীপুরকে পরিকল্পিতভাবে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে এই মেয়রের অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়।
নাগরিকদের গ্রিন ও ক্লিন সিটি উপহার দিতে চান জানিয়ে জাহাঙ্গীর বলেন, “আমি নগরবাসীকে বলেছিলাম একটি সুন্দর পরিকল্পিত নগরী উপহার দেব। সবাইকে নিয়েই একটি বাসযোগ্য আধুনিক শহর গড়ে তুলব।”
মেয়র জাহাঙ্গীর তার বক্তব্যে আগামী পাঁচ বছরে নগরীতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনী ইশতেহারে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করবেন বলে উপস্থিত নগরবাসীকে আশ্বস্থ করেন তিনি।
অনুষ্ঠানে জাহাঙ্গীর সিটি করপোরেশনের মাস্টার প্ল্যানের ভিডিও চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র জাহাঙ্গীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেএম রাহাতুল ইসলাম।
২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং ৬টি ইউনিয়ন (কাশিমপুর, কোনাবাড়ী, বাসন, কাউলতিয়া, গাছা ও পূবাইল) নিয়ে গঠিত হয় ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটারের গাজীপুর সিটি কর্পোরেশন।
গত ২৬ শে জুন শিল্প অধ্যুষিত এই সিটির নির্বাচনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাসান উদ্দিন সরকার।
