রংপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
রংপুর নগরীতে একটি বিদ্যালয়ে ক্লাশ চলাকালে চলন্ত ফ্যান খুলে পড়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রঘু বাজার সংলগ্ন আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানিয়েছেন।
আহত নাহিন বেগম ওই এলাকার নুরুল হুদার মেয়ে।
লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সপ্তম শ্রেণির ক্লাশ চলাকালে চলন্ত ফ্যান খুলে বেঞ্চের উপর পড়ে। ফ্যানের পাখা লেগে নাহিনের কপালে জখম হয়েছে।”
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নাহিন এখন সুস্থ আছে বলে জানান লুৎফর।
মরিচা ধরার কারণে ফ্যানটি খুলে পড়ে গেছে জানিয়ে লুৎফর বলেন, মাথার উপড় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
আহত শিক্ষার্থীর বাবা নুরুল হুদা বলেন, “আমার মেয়ে সুস্থ আছে। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে।”
