‘প্রেমিকার ফোন নম্বর না দেওয়ায়’ খুন, ২ বন্ধু আটক
সাভারে প্রেমিকার ফোন নম্বর না দেওয়ায় এক তরুণকে তার বন্ধুরা খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, দুইজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার সকালে আউখপাড়া এলাকার একটি ঝোপের ভেতর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত সাগর হোসেন (২৫) চাঁদপুর জেলার সদর থানার কমলাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। আশুলিয়ার আউখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থেকে ওই এলাকায় একটা চায়ের দোকান চালাতেন তিনি।
সাগর গত ২০ অগাস্ট নিখোঁজ হন। এরপর তার পরিবার থানায় জিডি করে।
এসআই মনিরুজ্জামান বলেন, পুলিশ সাগরের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তার বন্ধু মেহেদী হাসান ও শাহ হাসানকে গ্রেপ্তার করে। তবে অপর বন্ধু সাগর মিয়া পলাতক রয়েছেন। সাগরেই এ হত্যাকাণ্ডের ‘মূল হোতা’।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে এসআই মনিরুজ্জামান বলেন, “সাগর হোসেনের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের ছবি দেখে তার বন্ধু সাগর মিয়া তার ফোন নম্বর চান। ফোন নম্বর না দেওয়ায় দুই বন্ধুর মধ্যে বিরোধ তৈরি হয়।
“গত ২০ অগাস্ট সন্ধ্যার পর সাগর হোসেনকে মোবাইল ফোনে ডেকে নেন সাগর মিয়া। পরে কয়েকজন বন্ধু মিলে তাকে হত্যা করেন বলে আটককৃতরা স্বীকার করেছেন।”
নিহতের মা খাদিজা বেগম বলেন, “সাগরকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার পর তার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিয়েছে। পরে রাতে তারাই সাগর অপহৃত হয়েছে বলে ৮০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে।”
তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, “প্রেমঘটিত বিষয় নিয়ে বন্ধুরা মিলে আরেক বন্ধুকে হত্যা করেছে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
