রংপুরে ২ বাসের সংঘর্ষে মামলা, ‘ফিটনেসবিহীন’ বিআরটিসি বাস
রংপুর শহরে দুই বাসের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বাদী হয়ে দ্রুত বেগে গাড়ি চালানো এবং দ্রুত বেগে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করেন বলে ওমি মুক্তারুল আলম জানিয়েছেন।
এদিকে, দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসটির ফিটনেস ছিল না বলে জানিয়েছে তদন্ত কমিটি।
আসামিরা হলেন রুবি পরিবহনের মালিক রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়ার ফারুক মণ্ডল, বিআরটিসি বগুড়া ডিপোর ইনচার্জ, বিআরটিসি বাসের চালক সামছুল হক ও রুবি পরিবহনের চালক শাহাদৎ হোসেন বাবু। দুই বাসের দুই সহকারীর নাম না পাওয়ায় তাদের অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়।
দুটি বাসের দুই চালক ও দুই সহকারীকে এখনও গেপ্তার করা যায়নি।
এদিকে, দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে বিআরটিসি বাসের ফিটনেস না থাকার বিষয় উঠে এসেছে।
তদন্ত কমিটির সদস্য রংপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসটির কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না। বাসটি চলাচলেরও অনুপযোগী ছিল।”
রোববার রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমীন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রশিদুল মান্নাফ কবীরকে আহ্বায়ক করে এই কমিটি করে দেন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে, এই দুর্ঘটনায় আহতদের মধ্যে আরেকজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিবের (১২) মৃত্যু হয় বলে হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান।
রাজিব গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা এলাকার খসরু মাহমুদের ছেলে।
এনিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল আটে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৭ জন।
রোববার দুপুরে নগরীর সিও বাজার এলাকায় বিজিবি সদর দপ্তরের কাছে খান পেট্রোল পাম্পের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে বিআরটিসির একটি বাসের সঙ্গে রুবি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন।
তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান চারজন। হাসাপাতালে নেওয়ার পর মারা যান চারজন।
