ফেনীতে আড়াই মণ গাঁজাসহ আটক ২
ফেনী সদর উপজেলায় লেমুয়া ব্রিজ এলাকা থেকে আড়াই মণ গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব ৭-এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, রোববার রাতে লেমুয়া ব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চট্টগ্রামের সদরঘাট থানার বাংলাবাজার এলাকার সুলতান আহাম্মদের ছেলে মো. আবুল কালাম (৫২) ও ফেনীর দাগনভুঁঞা উপজেলার গনিপুর গ্রামের শফিউল্লাহর ছেলে মো. ওয়াসিম (২৬)।
র্যাব কর্মকর্তা শাফায়াত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করেন। এ সময় ট্রাক রেখে তারা পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া করলে তারা ধরা পড়েন।
“তাদের দেওয়া তথ্যমতে ট্রাক থেকে আড়াই মণ গাঁজার ২৭টি প্যাকেট জব্দ করা হয়।”
আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে মালপত্রসহ তাদের ফেনী থানায় দেওয়া হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা শাফায়াত জামিল ফাহিম।
