সাভারে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, আটক ১
সাভারের হেমায়েতপুরে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার রাতে এই ঘটনা ঘটলেও রোববার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় খাইরুল ইসলাম (৪২) নামের এক পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেয়েটির পরিবারের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ওই কিশোরী তার পোশাক শ্রমিক মা বাবার সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন।
“ঘটনার রাতে কিশোরীকে একা পেয়ে প্রতিবেশী ভাড়াটিয়া খায়রুল তাকে ধর্ষণ করেন। বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে থানায় খবর দেন।”
ওই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
