২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নববধূকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

‘যৌতুক না পেয়ে’ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নববধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 10:16 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত শিউলি আক্তার (১৮) উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়ার নসিমন চালক মনির হোসেনের মেয়ে এবং পাঁচাইখা এলাকার মনির হোসেনের ছেলে শামীম মিয়ার স্ত্রী।

শিউলির বাবা মনির হোসেন বলেন, আট দিন আগে শামীম মিয়ার সঙ্গে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করা হয়। এছাড়া যৌতুক হিসেবে আধা ভরি ওজনের স্বর্ণও দেওয়া হয়।

“শুক্রবার ভোরেও ফোন করে শামীম যৌতুকের বাকি টাকা দাবি করে। ওই টাকা না পেয়ে শামীম সকালে তাদের বাড়িতে প্রকাশ্যে শিউলিকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।”

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।