২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের মামলায় ব্যবসায়ীর স্ত্রী কারাগারে

নারায়ণগঞ্জ শহরের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা পুলিশের করা মামলায় এক ব্যবসায়ীর স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 09:18 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল মোহসীনের আদালতে রাণী ইয়াসমিন আত্মসর্মপণ করে জামিন চাইলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

রাণী ইয়াসমিন ব্যবসায়ী মো. জালাল উদ্দিনের স্ত্রী।

আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রাণী ইয়াসমিন আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ২৬ অগাস্ট শহরের খানপুর বরফকল খেয়াঘাট সংলগ্ন চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের সামনে মাইলাইফ কেয়ার ফাস্টফুডের দোকানে খেয়ে টাকা না দেওয়ার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংর্ঘষ হয়। এতে পুলিশ ও ব্যবসায়ীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের এক পরিদর্শকসহ ৮ জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তাছাড়া ডিবি পুলিশের এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ব্যবসায়ী মো. জালালউদ্দিন, তার স্ত্রী রীণা ইয়াসমিন ও দুই ছেলেসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে মামলা করেন।

তবে ব্যবসায়ী জালাল উদ্দিনের পক্ষে থানায় মামলার করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি।

পরে মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে একজন সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।