২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ

রাজশাহীতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 07:57 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার দুপুরে আদালত এলাকায় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।

আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

ওসি হাফিজুর বলেন, নাশকতার একটি মামলায় বৃহস্পতিবার আদলতে হাজিরা দিতে যান নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা।

“হাজিরা দিয়ে আদালত থেকে বেরিয়ে আসার সময় কোর্ট শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

আহতদের মধ্যে জ্যাকি ও লুকেন নামের দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ঘটনার পর রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনির বাসায় হামলা হয়।

আসাদুজ্জামান জনি বলেন, বেলা সোয়া ৩টার দিকে নগরের রামচন্দ্রপুর বাশার রোডের বাসায় ছিলেন তিনি। কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে ছাত্রদলের ১৫/১৬ জন নেতাকর্মী প্রথমে বাসায় প্রবেশের চেষ্টা করে।

“বাসায় প্রবেশ করতে না পেরে বাইরে থেকে ইটপাটকেল মেরে জানালার কাচ ভেঙে দিয়েছে।”

সম্প্রতি ঘোষিত ও পরে স্থগিত হওয়া নয়টি ইউনিট কমিটির পদবঞ্চিতরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জনি।