না’গঞ্জের সেই ডিবি সদস্যদের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জ শহরে গোয়েন্দা পুলিশ ও ব্যবসায়ীর সংঘর্ষের ঘটনায় চার ডিবি কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ব্যবসায়ী জালাল উদ্দিন।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসানের আদালতে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মাই লাইফ ফাস্ট ফুডের দোকানের মালিক জালাল।
বিচারক মামলা গ্রহণ করে একজন সহকারী পুলিশ সুপার দিয়ে তদন্ত করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
খানপুর বরফকল এলাকায় ‘খাবার খেয়ে বিল না দেয়াকে’ কেন্দ্র করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য ও ব্যবসায়ীর সংঘর্ষ হয় রোববার রাতে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেন ওই ব্যবসায়ীর পরিবার।
আসামিরা হলেন বিআইডব্লিউটিএ থেকে চৌরঙ্গী ফ্যান্টাসী পার্ক ইজারাদার আব্দুস সাত্তার, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান, আবু সায়েম, এএসআই আমিনুল ইসলাম ও বকুল মিয়া।
মামলায় বাদীর অভিযোগ, খানপুর বরফকল খেয়াঘাট সংলগ্ন চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের সামনে গত ৫/৬ মাস যাবত মাই লাইফ ফেয়ার ফুড নামে একটি ফাস্ট ফুডের দোকানে বাদী জালালউদ্দিন ব্যবসা পরিচালনা করে আসছেন। চৌরঙ্গী ফ্যান্টাসী পার্কের মালিক আব্দুল সাত্তার তার ওই ফাস্ট ফুডের দোকানটি বিভিন্ন সময়ে উচ্ছেদের চেষ্টা করছিলেন।
তার অভিযোগ, গত রোববার রাত ৭টার দিকে পার্কের মালিক আব্দুস সাত্তারের ইন্ধনে ডিবির এএসআই আমিনুল ইসলাম, বকুল মিয়া, এসআই মিজানুর রহমান, আবু সায়েম দোকানে ফাস্ট ফুড খেতে আসেন। এ সময় বাদীর ছেলে আল আমিন তাদেরকে যথারীতি কুলকফি, লাচ্ছি, বার্গার, ফুচকা খেতে দেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, খাওয়া শেষে আল আমিন খাবার বিলের টাকা চাইলে পার্কের মালিক আব্দুস ছাত্তারের পূর্ব পরিকল্পনা ও নির্দেশ মোতাবেক ডিবির লোকজন ধমক দিয়ে বলেন- ‘আমরা ডিবির লোক, কিসের বিল দিব?’
এখানে দোকান চালাতে হলে তাদেরকে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে ডিবি কর্মকর্তারা বলেন, অভিযোগ ব্যবসায়ীর।
মামলায় আরও অভিযোগ করা হয়, বাদীর ছেলে আল আমিন প্রতিবাদ করায় ডিবি পুলিশের লোকের তাদের সঙ্গে থাকা রাইফেল, পিস্তল, শটগান দিয়ে তার ছেলে আল আমিনকে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত ও নীলা ফুলা জখম করে এবং ক্যাশ থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যান। এ খবর শুনে তার স্ত্রী রীনা ইয়াসমিন গেলে তাকেও মারধর করেন। এক পর্যায়ে আমিনুলের হাতে থাকা পিস্তলের বাট দিয়ে বাদী জালালউদ্দিনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন; দোকান থেকে নগদ ১০ হাজার টাকা লুটে নেন এবং মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আদালত আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী ধার্য্য তারিখে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গত রোববার রাতে শহরের বরফল এলাকায় চৌরঙ্গী পার্কের সামনে মাই লাইফ ফাস্ট ফুডের দোকানে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে চার ডিবি পুলিশসহ ২০ জন আহত হয়। এসময় ডিবি পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।
এই ঘটনায় ডিবি পুলিশের এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারী কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ব্যবসায়ী জালাল উদ্দিন, তার স্ত্রী রীণা ইয়াসমিন ও তার দুই ছেলে আল আমিন ও রবিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন।
