২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ, ডিবির ৮ কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জ শহরে ডিবি পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 07:31 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

একই ঘটনায় ডিবি পুলিশের আট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা এবং ডিবি পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় এই দুই মামলা দায়ের করেন।

থানা পুলিশ ব্যবসায়ী জালাল উদ্দিনের স্ত্রীর মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে, পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়।  

ডিবি পুলিশের মামলার আসামিরা হলেন বরফকল এলাকার মাই লাইফ ফাস্টফুড দোকানের মালিক জালালউদ্দিন, তার স্ত্রী রীণা ইয়াসমিন, ছেলে রবিন ও আলামিনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যাহার করা ডিবি পুলিশ সদস্যরা হলেন পরিদর্শক মাসুদুর রহমান, এসআই মিজানুর রহমান, আবু সায়েম, এএসআই আমিনুল ইসলাম, বকুল মিয়া, আজিজুর রহমান, তৌফিকুর রহমান ও কনস্টেবল লুৎফর রহমান।

ব্যবসায়ী জালালউদ্দিনের স্ত্রী রীণা ইয়াসমিন অভিযোগ করেন, “আমাদের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ডিবি পুলিশের লোকজন। মারধর থেকে আমাকেও বাদ দেয়নি ডিবি পুলিশ। দেড়ঘন্টা থানায় বসে থাকলেও মামলা নেয়নি পুলিশ।”

এছাড়া থানায় তাদের সঙ্গে কয়েকজন এসআই দুর্ব্যবহার করেছেন বলেও রীণার অভিযোগ।

তিনি আরও বলেন, “ওসি সাহেব আমাকে বলেছেন এসপি স্যারের অর্ডার ছাড়া তিনি মামলা নিতে পারবেন না। আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় ডিবির এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

তবে জালালউদ্দিনের পক্ষে মামলা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সংঘর্ষের ঘটনার পর রাতেই থানায় আসলেও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদুর রহমানসহ আটজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার রাতে শহরের বরফকল এলাকায় চৌরঙ্গী পার্কের সামনে মাই লাইফ ফাস্টফুডের দোকানে লাচ্ছি খেয়ে দাম না দেওয়াকে কেন্দ্র করে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে চার ডিবি পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। এ সময় ডিবি পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।