খাগড়াছড়িতে বাসচাপায় বাইক আরোহী নিহত
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাসচাপায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার বুদংপাড়া এলাকার খাগড়াছড়ি-চট্রগ্রাম সড়কে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
নিহত আলামিন (২৭) পটুয়াখালীর দক্ষিণ দিমাই এলাকার কেরামত আলী মির্জার ছেলে।
ওসি গিয়াস বলেন, “শ্যামলী পরিবহনের একটি বাস চট্রগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি মোটর সাইকেলকে চাপা দিলে এর আরোহী ঘটনাস্থলেই নিহত হন।”
দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
