২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া-কাঁঠালবাড়ি অর্ধেক ফেরি বন্ধ, দুই ঘাটে জট

নাব্যতা সঙ্কটের করণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ২১টি ফেরির মধ্যে ১১টি দিয়ে পারাপার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 01:46 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল বলে বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান।

তিনি বলেন, “ফেরি চলাচল শুরুর পর কাঁঠালবাড়ি যাওয়ার পথে ভোর ৫টার দিকে প্রায় চার হাজার যাত্রী নিয়ে ‘কিশোরী’ ফেরি লৌহজং টানিংয়ের কাছে ন্যাচারল চ্যানেলে আটকে যায়। পরে একটি উদ্ধারকারী জাহাজ গিয়ে সকাল সাড়ে ৮টায় সেটি উদ্ধার করে।”

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রোববার দুপুর পর্যন্ত থেকে কাঁঠালবাড়ি ঘাটে প্রায় সাড়ে ৩০০ এবং শিমুলিয়া ঘাটে প্রায় ১০০ যান পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

খালেদ বলেন, চ্যানেলের পানি কমে গেছে; এছাড়া চ্যানেলটি এখন খুবই সরু। ৮/৯ টি ড্রেজার সেখানে কাজ করার কারণে রাতে ফেরি চালানো যায়নি। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

“ভোরে কে-টাইপ এবং ছোট ছয়টি ফেরিসহ আটটি ফেরি দিয়ে পারাপর শুরু করা হয়। দুপুরে ছোট আকারের ডাম্প ফেরি ‘লেন্টিং’পরীক্ষামূলভাবে পাঠানো হয়। শক্তিশালী টাগবোট এটি টেনে নিয়ে যায়। পরে ফেরি ‘টাপলু’ ও ‘যমুনা’ চালু করা হয়।”

মোট ২২টি ফেরির মধ্যে এখন বহরে ১১টি ফেরি চলাচল করছে জানিয়ে খালেদ বলেন, “নাব্যতা সংকটের কারণে দুটি রোরোসহ সাতটি ফেরি অলস বসে আছে; আর রোরোসহ চারটি ফেরি পাটুরিয়ায় পাঠানো হয়েছে।”