২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 02:44 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

গঙ্গাচড়া থানার এসআই শফিউজ্জামান জানান, শনিবার বেলা ১২টার দিকে খলেয়া ইউনিয়নের বিরাবাড়ি এলাকায় একটি নর্দমায় তার লাশ মেলে।

নিহত আবুল কালাম (২৮) তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট এলাকার আব্দুল হকের ছেলে।

শুক্রবার দুপুরে খাওয়ার পর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে কালাম রাতে আর ফেরেননি বলে তার বড় ভাই রডমিস্ত্রি মোকসেদুল হক জানান।

এসআই শফিউজ্জামান বলেন, স্থানীয় কৃষকদের কাছে খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

“কালামের গলায় জখমের চিহ্ন রয়েছে। তার অটোরিকশাটি খোয়া গেছে। হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান।