গণতন্ত্রকে হত্যা করা বিএনপির কাজ: ইনু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি দাবি করায় বিএনপির সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার কুষ্টিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপি এমন একটি দল যা গণতন্ত্রের সাথে যায় না; কারণ তাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা নয়, সৎ মা। উনি আসলে জঙ্গি রাজাকারতন্ত্রের আসল মা।
“সেইজন্য গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করাই হচ্ছে বিএনপির একমাত্র কাজ, এর বাইরে তাদের কোনো কাজ নেই।”
দলের চেয়ারপারসন খঅলেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচন করবে না বলে নিয়মিত বক্তব্য দিয়ে আসছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
জাসদ সভাপতি ইনু বলেন, বিএনপি আসলে গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না, তারা দণ্ডিত খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে। আর মামলার আসামি খুনিদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে।
খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে এই শর্ত যারা দেন তারা কার্যত নির্বাচনটাকে বানচাল করতে চান, যেমন রায়ের আগে হইচইয়ের মধ্যদিয়ে খুনিদেরকে আড়াল করা, রক্ষা করার অপচেষ্টাই চালাচ্ছেন তারা, বলেন ইনু।
দুপুর ১২টায় ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাসদ সভাপতি।
এ সময় সেখানে জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
