২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাসের ধাক্কায় ৬ অটোরিকশা আরোহী নিহত

ফেনী সদরে পুলিশের ধাওয়ায় পালানোর সময় বাসের ধাক্কায় দুই নারীসহ এক অটোরিকশার ছয় আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 05:44 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

শুক্রবার বিকালে লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সংঘর্ষের মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল।

নিহতদের মধ্যে পাঁচজন হলেন সালমা (১৮), নাসিমা (৪৫), শাহাদাত (২৫), নাসির (২৬) ও দোলোয়ার হোসেন (১৮)। নিহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।

আহত এক নারী ও এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৫টার দিকে সোনাগাজী উপজেলার নবাবপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল লেমুয়ার ভাঙ্গার তাকিয়া এলাকায়। অটোরিকশার মাহসড়কে ওঠা নিষিদ্ধ থাকায় সড়কে ওঠার পরপরই পুলিশ এটিকে ধাওয়া দেয়।

ওসি আবদুল আওয়াল বলেন, মহাসড়কে ওঠার পর অটোরিকশাটিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি শীতাতাপ নিয়ন্ত্রতি বাস ধাক্কা দেয়।

“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।” 

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম ভূইয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহত পাঁচজনকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় এক নারী ও এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে তিনি জানান।

ওসি আবদুল আউয়াল জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও বাসটি উদ্ধার করলেও বাস চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।