২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর প্রাইভেটকারে অগ্নিসংযোগ, বিকট শব্দে বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হওয়ার পর গাড়িটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 09:47 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

উপজেলার সিএন্ডবি বাজারে বৃহস্পতিবার সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটে।  তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আহত মোটরসাইকেল আরোহীদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে থানার এসআই হরিদাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএন্ডবি বাজারের আসপাড়া মোড় এলাকায় পলক ফিলিং স্টেশনের পাশে একটি মোটরসাইকেল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নিচ্ছিল।

“ওই সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার মোটরসাইলেকটিকে ধাক্কা দিলে এক নারীসহ বাইকের দুই আরোহী গুরুতর আহত হন।

Image
আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়

আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়

“দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কারটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। তখন বিকট শব্দে কারের সিলিন্ডার বিস্ফোরিত হয়।”

খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে কারের আগুন নেভায় বলে তিনি জানান।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে পাঠান এবং পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় ২০মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে পুরো কারটি পুড়ে যায় এবং এর গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

এর আগে কারের চালককে এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছে বলে তিনি জানান।