কুষ্টিয়ায় দুটি দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
ঈদের দিনে কুষ্টিয়ায় দুই সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত চারজন।
বুধবার সদরের বটতৈল এবং দৌলতপুর উপজেলার তারাগুণিয়া বাজারে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতপুরের সাহাবুল (১২), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলারর শিপন (২৮)। নিহত অপর এক শিশুর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় কুষ্টিয়াগামী একটি যাত্রিবাহী মহেন্দ্রের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মহন্দ্র আরোহী দুই যাত্রীর মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাল মর্গে পাঠানো হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।
অপরদিকে, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, বুধবার সকালে উপজেলার তারাগুণিয়া বাজারে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
