ধামরাইয়ে ‘অজ্ঞান পার্টির’ ৭ সদস্য আটক
ঢাকার ধামরাই থেকে ‘অজ্ঞান ও মলম পার্টির’ সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয় বলে ধামরাই থানার ওসি রিজাউল হক দীপু জানান।
আটকরা হলেন সাহেব আলী, পাপন, মো. ইব্রাহীম, চুন্নু মিয়া, আনোয়ার হোসেন, মজিবর ও রিপন হোসেন। তাদের বাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
এ সময় তাদের কাছ থেকে মলম ও চেতনানাশক ওষুধ পাওয়া গেছে।
ওসি রিজাউল বলেন, আটকরা পেশাদার মলম পাটি, অজ্ঞান পাটির সদস্য। ঈদ ঘিরে এ চক্রটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
“ঢুলিভিটা বাসস্ট্যান্ডে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল পুলিশ তাদের তল্লাশি চালায় এবং আটক করে।“
তিনি বলেন, সাহেব আলী তাদের দল নেতা বলে জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে।
