জট নেই সড়কে, স্বস্তির যাত্রা
ঈদের একদিন আগে গাড়ির চাপ বাড়লেও মোটামুটি স্বাভাবিক রয়েছে সড়ক যোগাযোগ পরিস্থিতি।
ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগের প্রধান মহাসড়কগুলোয় সোমবার দুপুর পর্যন্ত গাড়িঘোড়ার চাপ থাকলেও জট দেখা যায়নি। পদ্মার প্রধান দুই ঘাট শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও আরিচা-পাটুরিয়ায়ও মোটামুটি স্বস্তি রয়েছে।
সরেজমিনে ঘুরে এসব তথ্য জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা।
কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা এলাকা থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় শত কিলোমিটার সড়কে যানজট দেখা যায়নি।
সরেজমিনে ঘুরে ঘরমুখী মানুষকে স্বস্তিতে দেখা গেছে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে যথাসাধ্য চেষ্টা করছে। যানজট নিসনে একটি পরিকল্পনা হাতে নিয়ে সে অনুযায়ী কাজ করা হচ্ছে।
ঈদের তিন আগে মহাসড়কে লরি ও কভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় যাত্রীবাহী যানগুলো স্বস্তিতে চলতে পারছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল এলাকায় কোথাও কোথাও মাঝে মাঝে ধীরগতি দেখা গেলেও কোথাও জট সৃষ্টি হয়নি। অনেকটাই স্বাভাবিক গতিতে চলছে সব যানবাহন।
গত ঈদের চার-পাঁচ দিন আগে থেকে এ এলাকায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এবার সেই জট না থাকার কারণ সম্পর্কে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. এশরাজুল হক বলেন, পুলিশ সার্বক্ষণিক মহাসড়কে অবস্থান করছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ও ট্রাফিক পুলিশের সদস্যরা নিরলস কাজ করছেন।
টাঙ্গাইল
এখন চার লেনের প্রধান কাজ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে। এছাড়া মহাসড়কের ২৩টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় গাড়িগুলোকে জটে পড়তে হচ্ছে না।
জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, “আশা করছি অন্যান্য সময়ের তুলনায় এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। মহাসড়কে যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে লোক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সহায়তা করবে।”
মানিকগঞ্জ
ঢাকা-মানিকগঞ্জ মহাসড়ক মোটামুটি ফাঁকা রয়েছে। তবে দুপুরের পর চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরিচা-পাটুরিয়া ফেরিঘাটে গাড়ির চাপ থাকলেও বিশেষ জট নেই। সরেজমিনে দেখা গেছে, সব গাড়ি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে ফেরিতে উঠতে পারছে।
“এখানে এখন ১১টি রো রো ফেরিসহ মোট ২০টি ফেরি চলছে। আধা-ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে সব গাড়ি ফেরিতে উঠতে পারছে। তবে কারখানা ছুটির পর বিকাল নাগাদ চাপ বাড়তে পারে।”
মুন্সীগঞ্জ
সকাল থেকে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ প্রধানত এই ঘাট ব্যবহার করেন। নাব্য সংকটে এখানে প্রায় এক সপ্তাহ ফেরি চলাচল প্রায় বন্ধ থাকলেও ড্রেজিংয়ের পর শনিবার মোটামুটি সচল হয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিা ঘাটের এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ বলেন, ছোট ১৬টি ফেরি সতর্কতার সঙ্গে চলাচল করছে। তাছাড়া ঝুঁকি নিয়ে একটি বড় ফেরিও চালানো হচ্ছে।
“চাপ থাকলেও এখন পর্যন্ত কোনো বিপর্যয় দেখা দেয়নি। সবাই বিশেষ সতর্ক থেকে কাজ করে যাচ্ছেন।”
সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০০ গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।
এছাড়া স্পিডবোট ও লঞ্চগুলোয় প্রচুর ভিড় দেখা গেছে।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকেই যাত্রীর চাপ বেশি দেখা গেছে লঞ্চঘাট এলাকায়। এখানে ৮৭টি লঞ্চ চলাচল করে। একটি লঞ্চ নষ্ট হওয়ায় ৮৬টি লঞ্চ চলাচল করছে। যাত্রীরা ভোগান্তি ছাড়াই যাতায়াত করছে।
“সারা বছর এখানে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চললেও ঈদ উপলক্ষে দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।”
