২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় গাছ কেটে সড়ক আটকে রাখা একদল লোক এক সেনাসদস্যকে কুপিয়ে হত্যা করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2018, 01:28 AM

Updated : 08 Apr 2022, 06:53 PM

নিহত সাইফুল ইসলাম (৩২) টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরে কর্মরত সৈনিক। তিনি উপজেলার বংকিরা গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনঘাটা মাঠে এই ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার রাতে সাইফুল ইসলাম, তার শ্বশুর সামছুল ইসলাম ও নৌবাহিনীতে কর্মরত ভাই মনিরুল ইসলাম একসঙ্গে মটরসাইকেলে করে বদরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

“বাড়ির কাছাকাছি গ্রামের হাওনঘাটা মাঠের মধ্যে রাস্তায় জাম গাছের ব্যারিকেড পেয়ে মটরসাইকেল থেমে যায়। সেখানে ১০/১২ জনের একদল দুর্বৃত্তের সঙ্গে সাইফুলের বাদানুবাদ শুরু হলে এক পর্যায়ে তারা সাইফুলের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।