কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, শনিবার সকাল ৮টার দিকে ইফতেখার আলম আবির (২২) নামে এই শিক্ষার্থীর মৃত্যু হয়।
আবির ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র জানিয়ে তিনি বলেন, ঢাকা থেকে বেড়াতে আসা ইফতেখারসহ চার বন্ধু সকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় সাগরে ভাটা চলছিল।
“গোসলের একপর্যায়ে স্রোতের টানে ভেসে যান ইফতেখার। বন্ধুরা আশপাশে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয় উদ্ধারকর্মীদের সহায়তায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়।”
কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা ফজলে রাব্বী।
লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলেও তিনি জানান।
