ক্লাসে ফেরার অনুমতি পেলেন রাবি শিক্ষক তানভীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সহযোগী অধ্যাপক তানভীর আহমদকে প্রত্যাহারের আদেশ তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তার সাবেক স্ত্রী ওই বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ ওঠায় গত বছর ফেব্রুয়ারিতে অধ্যাপক তানভীরকে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছিল।
কিন্তু ওই অভিযোগ প্রমাণ না হওয়ায় বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তানভীর আহমদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেগুলো চাকরি যাওয়ার মত কোনো ঘটনা না। আর আকতার জাহানের আত্মহত্যায় প্ররোচনায় তার সরাসরি কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তাকে কাজে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
২০১৬ সালের ৯ সেপ্টেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আকতার জাহানের কক্ষে তার লাশ পাওয়া যায়।
ওই ঘরের টেবিলে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে ‘আত্মহত্যার’ কথা জানিয়ে ‘কেউ দায়ী নয়’ বলা হলেও নিজের সন্তানের গলায় ‘ছুরি ধরার’ অভিযোগ আনা হয় সাবেক স্বামী তানভীরের বিরুদ্ধে।
ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় মামলা করেন জাহানের ছোট ভাই কামরুল হাসান।
তানভীর আহমদের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ তদন্তে ওই বছর নভেম্বরে একটি কমিটি করে দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলামকে প্রধান করে গঠিত ওই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমা জোহরা হাবিব ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নাসিম রেজা।
পরে ২০১৭ সালে ফেব্রুয়ারিতে সিন্ডিকেটের আরেক সভায় তদন্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত তানভীরকে ছুটিতে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রমে না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সুলতান-উল-ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সব অভিযোগ তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন জমা দিয়েছিলাম। তবে অনেক দিন আগের ঘটনা বলে এখন বিস্তারিত মনে নেই।”
