২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কামারশালায় ব্যস্ততা

কোরবানিকে সামনে রেখে ফরিদপুরের কামারপাড়ায় মৌসুমি ব্যস্ততা বেড়েছে। কামারশালাগুলোতে কোরবানির দরকারি সরঞ্জামে শেষ সময়ের শান দেওয়ার কাজ চলছে। মানুষ ভিড় করছে নতুন ছুরি-বঁটি কেনার জন্য; কেউ আবার পুরনোটা শানিয়ে নিচ্ছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2018, 04:18 PM

Updated : 08 Apr 2022, 06:52 PM

আগুনে পুড়িয়ে, লোহা গলিয়ে ছুরি, বটি, চাপাতির মতো বিভিন্ন সরঞ্জাম বানানোর কাজ চলছে কামারশালা গুলোতে; সারাবছর কামারদের তাদের তেমন কোনো ব্যস্ততা না থাকলেও এই মৌসুমে দম ফেলার জো নেই তাদের।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি কামারশালা গিয়ে দেখা যায় কোরবানির ঈদের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির কাজ চলছে; সেখানে কথা হয় কামার হাফিজ মণ্ডলের সঙ্গে।

তিনি বলেন, “এখন আগের মতো তেমন কাজ হয় না। তবে ঈদ এলে আমাদের এই কাজের চাপ থাকে। বেচাকেনা এখনো পুরাপুরি শুরু হয় নাই। তবে ঈদের দুই একদিন আগে ছুরি, চাপাতি বিক্রি শুরু হবে।”

“মৌসুমি কসাইদের ছুরি-চাপাতি ব্যবহার হয় বছরে এই একবার। শেষ সময়ে কসাইরা তাদের ছুরি-চাপাতি নিয়ে আসছেন সেগুলোকে আবার নতুন করে তুলতে। তাই নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি পুরোনো সরঞ্জাম মেরামতের ব্যস্ততাও বেড়েছে।”

তবে লোহার দাম বেড়ে যাওয়ায় গেল বছরের তুলনায় ছুরি, বটি ও চাপাতির দাম এবার কিছুটা বেশি বলে জানালেন কামার গোবিন্দ দাস।

তিনি বলেন, “প্রতি কেজি লোহায় ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এছাড়া কয়লা দামও বাড়তি।”

তবে গত কয়েক বছরের তুলনায় এবার ব্যাবসা ভাল না বলে জেলার গোয়ালচামট, বাইতুল আমান, আলীপুর এলাকার কয়েকজন কামার জানান।

বাইতুল আমান এলাকার রেলরাস্তা সংলগ্ন কামারশার কারিগর পরিমল চন্দ্র বলেন, “লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় দা, চাকু, চাপাতি, ছোড়া সহ বহু সরঞ্জাম তৈরি করতে পারছে না। অন্যদিকে সব কিছুর দাম বাড়ায় ক্রেতারও কমে গেছে।”