২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্কুল ছাত্রকে ঘাড় মটকে হত্যা, আটক ৪

ঢাকার সাভারে একদিন আগে নিখোঁজ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, ঘাড় মটকে তাকে হত্যা করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2018, 12:57 PM

Updated : 08 Apr 2022, 06:52 PM

এ ঘটনায় চার স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার এসআই এনামুল হক জানান, সাভারের বংশী নদীর তীরে ভাগলপুর ঘাটের কাছ থেকে বৃহস্পতিবার সকালে আট বছর বয়সী রোহান ইসলাম আবিদের লাশ তারা উদ্ধার করেন।

সাভার পৌর এলাকার তালবাগ এলাকার আফজাল হোসেনের ছেলে রোহান স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

আটকরা সবাই রোহানের প্রতিবেশী; তারা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে এসআই এনামুল জানান।

আবিদের পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েকদিন আগে প্রতিবেশী এক ছেলের সঙ্গে আবিদের কথা কাটাকাটি হয়। বুধবার সকালে ওই ছেলেসহ আরও তিন ছেলের সঙ্গে আবিদ খেলতে বের হয়।

“দুপুরের পর থেকে আবিদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত পর্যন্ত বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস মেলেনি।”

এসআই বলেন, সকালে স্থানীরা আবিদের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

“শিশুটিকে ঘাড় মটকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।” 

তিনি বলেন, আবিদের সঙ্গে ঝগড়ার জেরে সন্দেহভাজন ওই চার ছেলেকে আবিদের বাড়ির লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।