২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে অপহৃত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের ১০ দিন পর বাড়ির পাশের টয়লেটের স্লাবের ভেতর থেকে দুই বছর বয়সী একটি শিশুর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 12:43 AM

Updated : 19 Aug 2022, 02:28 PM

আব্দুস ছালাম (২) নামে শিশুটির মরদেহ শনিবার গভীর রাতে রায়পুর গ্রামের যুবক আমির চানের বাড়ির টয়লেটের স্লাব থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান।

নিহত শিশু ওই গ্রামের আকছেদ আলীর ছেলে। গত ২ অগাস্ট তাবে অপহরণের পর মুক্তিপণ চেয়ে চিরকূট পাঠানো হয়েছিল।

পুলিশ কর্মকর্তা রাকিব বলেন, শিশুটি নেখোঁজ হওয়ার পর দিন তার ঘরের দরজার সামনে একাধিক চিরকূট পাওয়া যায়। এসব চিরকূটে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে আরেকটি চিরকূটে ৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে শিশুটিকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি আসে।

“এ অবস্থায় শনিবার রাতে শিশুটির প্রতিবেশী আমির চানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর রাতেই তার বাড়ির টয়লেটের স্লারের ভিতর থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।”

রোববার আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমির চান।

তিনি বলেছেন, স্বজনরা খোঁজাখুজি শুরু করলে শিশুটিকে মেরে ঘরের ট্রাংকের ভিতর লাশ রেখে দিয়েছিলেন তিনি। পরের রাতে টয়লেটের লাশ ফেলে দেন।

এ ঘটনায় নিহত শিশুর মা আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আটক হওয়ার আগে প্রতিবেশী আমির চান শিশুটির স্বজনদের সমবেদনা জানিয়ে তাদের সঙ্গে থেকে খোঁজাখুজিও করেছিলেন তিনি। শিশুটির স্বজনরাও বিষয়টি বুঝতে পারেননি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, মুক্তিপণের জন্য দরিদ্র পরিবারের এ শিশুটিকে হত্যা করা হয়েছে।