২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 09:14 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

সেখানে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা যায়।

বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী ওইদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ অগাস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করবেন।

এ দিন বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ সমজিদ চত্বরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থান করে এতে অংশ নেবেন।

এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান জানান, জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে আসবেন।

তার সঙ্গে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা বেস্টনি তৈরি করা হয়েছে বলে জানান তিনি।