ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোচালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় উল্টোপথে আসা একটি বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী একঘণ্টা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করে।
নিহত মানিক মিয়া (৪০) চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের হাদিস মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর জানান, সন্ধ্যা ৭টার দিকে পুনিয়াউট থেকে অটোরিকশাটি রামরাইল ইউনিয়নের উলচাপাড়া যাচ্ছিল।
“পথে শহর বাইপাসের পুনিয়াউট গোল চত্বরে উল্টো পথে আসা দিগন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মানিক মিয়ার মৃত্যু হয়।”
রেজাউল বলেন, এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লা-সিলেট মহাসড়ক সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অবরোধ করে রাখে। তারা বাসটি ভাংচুর করে।
এলাকাবাসীর দাবি অনুযায়ী পুনিয়াউট মোড়ে স্পিড ব্রেকার নির্মাণ ও ট্রাফিক পুলিশ মোতায়েনের আশ্বাসের পর বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয় বলে জানান রেজাউল।
