রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ
সারাদেশে মাদক বিরোধী অভিযানের মধ্যে রাজশাহীর চারঘাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মুক্তারপুর বালুমহলের পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
আহত মানিক চারঘাটের গৌরশহর নতুনপাড়া গ্রামে শাহাবুদ্দিনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকের বিরুদ্ধে মাদক আইনে ১৬টি মামলা রয়েছে বলে পুলিশের এ কর্মকর্তার ভাষ্য।
রাজ্জাক বলেন, ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে রাতে চারঘাট থানা পুলিশের একটি দল মুক্তারপুর এলাকায় অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে।
এ সময় মানিককের বা পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় এসআই শরিফুল ইসলামসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, একটি গুলির খোসা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করার খবর জানিয়েছে পুলিশ।
