দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় আটক
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে এক ভারতীয়কে আটক করেছে বিজিবি।
বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এ কে এম আমিনুল হক জানান।
আটক রাফিদুল ইসলাম রাশেদুল (৩০) ভারতের আসাম রাজ্যের সিংড়িমারি জেলার মানকেরচর থানার ঝাউডাঙ্গা গ্রামের সফি আল হকের ছেলে।
সীমান্তের মধ্যেরচর এলাকার ১০৭৮ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি তাকে আটক করে।
ওসি আমিনুল বলেন, মঙ্গলবার সন্ধ্যা মধ্যেরচর এলাকার ১০৭৮ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি রাফিদুল ইসলাম রাশেদুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় মোবাইল সিম, তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় অনুপ্রবেশের অভিযোগ এনে বিজিবির পাথরের চর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুল সবুর বাদী হয়ে মামলা করেছেন।
