রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ
সারাদেশে মাদক বিরোধী অভিযানের মধ্যে রাজশাহীর গোদাগাড়িতে গুলিতে এক ‘মাদক বিক্রেতা’ আহত হয়েছেন।
উপজেলার শাব্দীপুর এলাকায় সোমবার রাত ২টার দিকে পুলিশের সঙ্গে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ (সদর) সুপার আবদুর রাজ্জাক খান জানান।
আহত ইব্রাহীম হোসেন (৩৮) উপজেলার মহিষালবাড়ি এলাকার ইসরাইল হোসেনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইব্রাহিম চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
সহকারী পুলিশ সুপার রাজ্জাক বলেন, গোপনে খবর পেয়ে ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।
“এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইব্রাহীমের ডান পায়ে গুলি লাগে।”
এ সময় পালানোর চেষ্টা করলে ইব্রাহিমের দুই সহযোগী আরিফ ও জিয়াউরকে আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্র্তা।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
