২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীতে নিয়োগের নামে প্রতারণা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।  

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 11:24 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

প্রতারণার শিকার পাঁচটি পরিবার একাধিক মামলা করলেও জড়িতরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

এ সংক্রান্ত দুইটি মামলা বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার নথি থেকে জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার একটি চক্র সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে উল্লাপাড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামের দরিদ্র আইয়ুব আলীর ছেলে আারিফুল ইসলাম, শহরিয়ারপুরের রজব আলীর ছেলে মিলন, ঘিয়ালা গ্রামের বাবলু মিয়ার ছেলে সাজেদুল ইসলাম ও মোড়গ্রামের আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর হোসেনসহ পাঁচ জনের কাছ থেকে জনপ্রতি ৪/৫ লাখ করে টাকা নিয়েছে।

এ ঘটনায় আরিফুল ইসলাম বাদী হয়ে গত ৫ জুন আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ১০ জুলাই সেটি উল্লাপাড়া থানায় এজাহার হিসেবে গণ্য করা হয়। 

এ মামলায় বগুড়ার ধুনট উপজেলার মবুয়াখালি গ্রামের গেন্দা মিয়ার ছেলে মজিবর মাস্টার, তার ছেলে রাসেল ও শহরাবাড়ির এনায়েতুল্লাহ মুন্সীর ছেলে এবং গোসাইবাড়ি কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

প্রতারণার শিকার আরও দুইজন সাজেদুল ইসলাম ও মিলনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে।

অপরদিকে, টাকা দিতে সহযোগিতা করার অভিযোগে প্রতারণার আরিফুল ইসলামসহ ওই চক্রের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন আরেক ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেনের বাবা আবু তাহের। আরিফুল ইসলাম নিজেও প্রতারণার শিকার।

আদালত ও থানা পুলিশ ঘুরে এ দুটি মামলাই তদন্তের জন্য সিরাজগঞ্জ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন মামলা দুটির তদন্ত করছেন।

তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, প্রতারক চক্রটি সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রত্যেককে ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫টি পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আরিফুল ইসলাম প্রথমে এ চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়। বিষয়টি বুঝে উঠার আগেই তার মাধ্যমে চক্রটি আরও চারজনের কাছ থেকে একই কায়দায় মোটা অংকের টাকা নেয়।

এরপর প্রতারিত জাহাঙ্গীর হোসেনের বাবা আবু তাহের মামলা দায়ের করায় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে আরিফুল ইসলাম নিজে বাদী হয়েও চক্রটির বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, “দুটি মামলারই তদন্ত চলছে। ইতোমধ্যেই ভুয়া মেজরসহ এ চক্রের সকল সদস্যকে শনাক্ত করা হয়েছে। আশা করছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করতে পারব।”

জেলহাজতে থাকা আরিফুল ইসলামের বাবা আইয়ুব আলী বলেন, “আমরা দরিদ্র মানুষ। ছেলে সেনাবাহিনীর অফিসে ওয়ার্ড বয় পদে চাকরি পাবে এমন আশায় ভিটেমাটি বিক্রি করে প্রতারকদের কাছে সাড়ে চার লাখ দিয়েছি। এখন টাকাও গেল, আবার ছেলেটাও জেলহাজতে রয়েছে।”