এমসিকিউ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষায়
কিছুদিন আগে এ বছর ভর্তিপরীক্ষা লিখিত পদ্ধতিতে নেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এছাড়া এবারই দ্বিতীয়বার ভর্তিপরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ শেষ হচ্ছে বলে ঘোষণা এসেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছরও ভর্তিপরীক্ষা এমসিকিউ পদ্ধতিতেই হবে। এছাড়া এ বছরই দ্বিতীয়বার ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের শেষ সুযোগ। আগামী বছর আর এ সুযোগ থাকবে না।
“ভর্তিপরীক্ষা উপ-কমিটি এ বছর থেকে এমসিকিউ পদ্ধতির বদলে লিখিত পদ্ধতি চালুর কথা বলেছিল। কিন্তু রোববার ভর্তিপরীক্ষার মূল কমিটি তাদের সভায় এমসিকিউ পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নেয়। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।”
আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ভর্তিপরীক্ষার জন্য আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, অনলাইনে ৫৫ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২ হাজার আবেদনকারীকে ভর্তিপরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
“আগামী ২২ ও ২৩ অক্টোবর ভর্তিপরীক্ষা, ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ, ২৫ নভেম্বর ভর্তি প্রক্রিয়া শুরু, আর ২১ জানুয়ারি ক্লাস শুরু হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।”
আবেদনের যোগ্যতা বিষয়ে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আসলাম হোসেন বলেন, সব বিভাগে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই পরীক্ষায় মানবিক শাখায় মোট জিপিএ ন্যূনতম ৭.৫০, বাণিজ্য শাখায় ৮ আর বিজ্ঞান শাখায় ৮.৫০ থাকতে হবে।
‘ও’ এবং ‘এ’ উভয় লেভেলে অন্তত চার বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড আর তিনটিতে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে।
