২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে ১৩ দিন নিখোঁজ দিনমজুর মজিদ

ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড় থেকে নিখোঁজের ১৩ দিন পরও এক দিনমজুরের সন্ধান মেলেনি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 07:54 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিনমুজুর আব্দুল মজিদ (৪৫) গত ২৩ জুলাই কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের বাড়ি থেকে গজনী পাহাড়ের বড়ইচালি এলাকায় কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন।

তিনি গান্ধীগাঁও গ্রামের মো. নেদু মিয়ার ছেলে।

এ ঘটনায় মজিদের স্ত্রী সুরবানু বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির অভিযোগে বলা হয়, ২৩ জুলাই আব্দুল মজিদ বাড়ি থেকে গজনী বড়ইচালি কাজের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজন বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি ও উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টারিং করেও তার সন্ধান পাননি।

মজিদের ছোট ভাই লুৎফর রহমান বলেন, কাজের উদ্দেশ্যে বের হয়ে তার ভাই কীভাবে নিখোঁজ হলেন তা তিনি বুঝতে পারছেন না। তার ভাইয়ের সঙ্গে কারও কোনো শক্রতা বা বিবাদ নেই। তাই  অপহরণ বা গুম করা হয়েছে কি না, সেটিও তিনি বুঝতে পারছেন না।

নিখোঁজের ১৩ দিন পরও তার ভাইয়ের সন্ধান না পাওয়ায় তাদের পরিবারের সবাই চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিনযাপন করছেন। তিনি তার ভাইয়ের সন্ধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ঝিনাইগাতী থানার এসআই সাইদুল ইসলাম বলেন, গত ২৬ জুলাই মজিদের স্ত্রী এ ব্যাপারে থানায় জিডি করেছেন। নিখোঁজের বিষয়টি জানিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয়ভাবেও অনুসন্ধান করা হচ্ছে।

বিজিবির নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার মো. শাহজাহান বলেন, “আমরাও জানতে পেরেছি একটি লোক কাজের উদ্দেশ্য বের হয়ে নিখোঁজ হয়েছেন। তবে এ সময়ের মধ্যে তার সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে কোনো বাংলাদেশি আটক হওয়ার তথ্য তাদের কাছে নেই।”

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ মজিদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য হালকা, মুখে কাঁচা-পাকা দাড়ি ও গোঁফ রয়েছে। নিখোঁজ হওয়ার দিন তার পরনে ফুলহাতা শার্ট ও লুঙ্গি ছিল।