রাজশাহীতে কোরবানির পশু চাহিদার অর্ধেক
রাজশাহীতে এ বছর চাহিদার তুলনায় অর্ধেকেরও কম কোরবানির পশু পালন হয়েছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন।
পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকে এ বছর পশু পালন করেননি। এদিকে চাহিদা কম থাকলেও দামে সন্তুষ্ট হতে পারছেন না খামারিরা।
জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা জুলফিকার মো. আখতার হোসেন বলেন, “এ বছর মে মাসের হিসেব অনুযায়ী, চলতি বছর জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে তিন লাখ ১০ হাজার। সেখানে পালন করা হচ্ছে এক লাখ ২৫ হাজার।”
অর্থাৎ এক লাখ ৮৫ হাজার পশুর অভাব রয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ছোট-বড় ১৭ হাজার ৭০০ খামারে কোরবানির পশু পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ষাঁড় ১৮ হাজার, মহিষ দুই হাজার, ছাগল ৮৫ হাজার, ভেড়া সাত হাজার।
প্রাণিসম্পদ কর্মকর্তা জুলফিকার বলেন, “কয়েক বছরে খাবারের দাম বেড়ে পশুপালনের খরচ বেড়েছে দ্বিগুণ। এত খরচ করে খামারারিরা লাভবান হতে পারছেন না। সে কারণে অনেক ছোট খামারি পশুপালন ছেড়ে দিয়েছেন।”
গত বছর রাজশাহীতে তিন লাখ ১০ হাজার পশুর চাহিদার বিপরীতে খামারগুলোয় তিন লাখ ৫৩ হাজারের বেশি পশু মজুদ ছিল বলে তিনি জানান।
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর গ্রামের বুলবুল হোসেন বলেন, “গত বছর তিনটি দেশি জাতের গরু নিয়ে বাড়িতে ছোট আকারে খামার গড়ে তুলেছিলাম। বিক্রি করে তিন গরুতে ২৪ হাজার টাকা লোকসান হয়েছে। তাই এ বছর আর গরু পালন করিনি।”
গোদাগাড়ীর পাকড়ি কসাইপাড়ার মোমেনা বেগম এ বছরও পশু পালন করেছেন। কিন্তু তিনি সন্তুষ্ট না।
মোমেনা বলেন, “গত বছর ছোট সাইজের দুটি ষাঁড় কিনেছি ৮০ হাজার টাকায়। এক বছর পালন করতে খরচ হয়েছে ১৮ হাজার টাকা।
“সোমবার বাড়িতে এসে এক গরু ক্রেতা দুটি ষাঁড়ের দাম বলেছে এক লাখ পাঁচ হাজার টাকা। দাম আর বাড়বে কিনা জানি না।”
