২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক দোকান থেকে কম্পিউটার ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 11:07 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম গেইটে ‘এমই কম্পিউটার’ এর মালিকের অভিযোগে বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগে বলা হয়েছে, গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেডিয়াম গেইটে ৬/৭ জন ছাত্র ‘এমই কম্পিউটার’ থেকে কম্পিউটার ছিনতাই চেষ্টা করে। বাধা দিলে তারা দোকানের কর্মচারী শরিফুল, পাশের দোকানদার নূরে আলম সিদ্দিকী ও প্রহরী শফিকুল ইসলামের ওপর হামলা চালায়।

এ বিষয়ে এমই কম্পিউটারের কর্মচারী শরিফুল ইসলাম বলেন, “সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ দোকানে এসে আমাকে জিজ্ঞেস করে হ্যাপি নামের কাউকে চিনি কি না। চিনি বললে তারা আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

“টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর শুরু করে। পরে আমি পাশের দোকানদার ও প্রহরীকে ডাক দিলে তাদেরও মারধর করা হয়।”

মারধরের শিকার নূরে আলম সিদ্দিকী ওরফে বাবু বলেন, “দোকানে বসে ছিলাম। পাশের দোকানে হৈচৈ শুনে ছুটে গিয়ে দেখি, সারোয়ার হোসেন ও ইমতিয়াজ আহমেদসহ ৬/৭ জন দোকানের কম্পিউটার নিয়ে টানাটানি করছে।

“এসময় এগিয়ে গিয়ে বাধা দিলে তারা গালিগালাজ ও চড়-থাপ্পড়, কিলঘুষি মারে।”

তবে অভিযোগ অস্বীকার করে সারোয়ার হোসেন বলেন, “আমরা কাউকে মারধর করিনি। শুধু কথা কাটাকাটি হয়েছে।

ইমতিয়াজের মামাত ভাইয়ের পাওনা দুই হাজার টাকা নিতে সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

পাওয়া টাকা আনতে গিয়েছিলেন দাবি করে ইমতিয়াজ আহমেদ বলেন, “ওই দোকানের কর্মচারী শরিফুলের কাছ থেকে পাওনা দুই হাজার টাকা আনতে গিয়েছিলাম। টাকা দিতে অস্বীকৃতি জানানোর সঙ্গে সঙ্গে স্থানীয় মাদকসেবী ও কয়েকজন লোক নিয়ে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করেন।”

সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি মিমাংসার জন্য বসা হবে।”