২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মেডিকেল ছাত্রাবাসে নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসিবি) ছাত্রাবাস থেকে এক নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 06:33 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

বুধবার দুপুরে কলেজের ২ নম্বর ছাত্রাবাসের ৩২০ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।

নিহত রাজিব কুমার শ্রীবাস্তু এ বছর এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ করছিলেন বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মির্জ্জা মানজুরুল হক।       

অধ্যক্ষ বলেন, রাজিব এবার এখান থেকে এমবিবিএস পাস করেছে। বুধবারই তার ইন্টার্নশিপে যোগ দেওয়ার কথা ছিল। সকালে তার রুমমেট দুই সহপাঠী ওয়ার্ডে যোগ দিলেও সে যায়নি।

“এরপর দুপুর পর্যন্ত না আসায় সহপাঠীরা তাকে রুমে খুঁজতে যায়। এসময় দরজা বন্ধ পায়। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়।”

কলেজ কর্তৃপক্ষ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

সুরতহাল শেষে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে। বৃহস্পতিবার নেপাল থেকে তার পরিবারের সদস্যরা এলে তাদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

ওসি মাহমুদুল বলেন, তার রুমে আরও দুইজন নেপালি ছাত্র থাকত। বুধবার সকালে দুই রুমমেট ওয়ার্ডে ইন্টার্নশিপ করতে গেলেও সে যায়নি।

“দরজা-জানালা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।”