সাভারে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাংচুর
ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে সাভারে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছে।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ডে নিউ মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
কয়েকজন ঢাকামুখী কয়েকটি যানবাহনে ইটপাটকেল ছুড়ে ও লাঠি দিয়ে ভাংচুর করে। তবে ঘটনাস্থলে পুলিশ জড়ো হওয়ায় তারা অল্পতেই দমে যায়।
ঢাকা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ বলেন, “তারা ভাংচুরের চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের উপস্থিতির কারণে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
পরে ঢাকার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে তারা মিছিল করতে করতে সিঅ্যান্ডবির দিকে চলে যায়।
এদিকে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারে মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা ঢাকা-আারিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
বিক্ষোভ চলার সময় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। বিকালের দিকে জট কমে পরিস্থিতি স্বাভাবিক হয়।
