সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় তদন্ত কমিটি
সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান জানান, তাকে কমিটির প্রধান করে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা মঙ্গলবার বিকালে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেন।
সদর উপজেলার কাদাই গ্রামের মাদ্রাসা মাঠে অতিরিক্ত বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া দোকান ঘর সরাতে গিয়ে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজন নিহত হন।
মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় জেলা প্রশাসকের গঠন করা তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সদর থানার ওসি মোহাম্মদ দাউদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষে ইউনিয়ন পরিষ সদস্য জাকির হোসেন।
কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান মনিরুজ্জামান।
