২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে দশ বছর আগে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির প্রাণদণ্ডের রায় দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 02:31 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

মঙ্গলবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল -১ এর বিচারক ফজলে খোদা মো.নাজির এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত নুর হোসেন তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ওয়াবদা বাধ এলাকার এলাহী বক্সের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আব্দুল হামিদ লাভলু জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালে নুর হোসেনের সঙ্গে উপজেলার মাগুড়া বিনোদ গ্রামের

শাবানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নুর যৌতুকের দাবিতে শাবানার ওপর নির্যাতন চালিয়ে আসছিল।

এর জেরে ২০০৮ সালের ১ জানুয়ারি ভোরে নুর শাবানাকে মারধর করলে গুরুতর আহত হন তিনি। শাবানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওই দিনই স্থানীয়রা নুর হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় শাবানার ভাই আবু সাঈদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।