লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত গোলাম হোসেনের (৫৮) বাড়ি উপজেলার চলবলা ইউনিয়নের নিথক অচিনতলা গ্রামে। উপজেলার সীমান্ত সিনেমা হল মার্কেটে একটি দোকান চালাতেন তিনি।
মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান।
এ ঘটনায় জড়িত সন্দেহে কালীগঞ্জ উপজেলার হররাম গ্রামের জামাল উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে পরিদর্শক আনোয়ার বলেন, সোমবার রাতে ‘মানসিক প্রতিবন্ধী’ ছেলেকে খাবার খাওয়ানো শেষে নিজের ঘরে ঘুমাতে যান হোসেন।
সকালে বিছানায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
নিহতের গলা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
জেলার সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হোসেনের ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে।
“পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
